স্টাফ রির্পোটার: ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের যাতায়াত সহজ করতে দেশের সব নৌরুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্সে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় এ তথ্য জানান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রায় শ্রমিকদের বাড়ি ফেরা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানো হবে।
শ্রমিক নেতারা সভায় বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা।
একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার আহ্বানও জানান শ্রমিক প্রতিনিধিরা।
সভায় শ্রমমন্ত্রী আগামী ২১ মে’র মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধের নির্দেশ দেন। সেই সঙ্গে সড়কে অতিরিক্ত চাপ ও যানজট কমাতে মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।