বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। পশ্চিম জোন সদর দপ্তর মোংলায় আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন (এক্স), বিএন (নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌফিক) সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে রোববার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। একই সঙ্গে তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। কোস্ট গার্ড জানায়, রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদেরও তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু