মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অনলাইন জুয়াড়িদের সিন্ডিকেট নির্মূলে একের পর এক সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুদিন আগে চারজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক শীর্ষ পর্যায়ের অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫)। তিনি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল চাঁদবিল এলাকার কোলার মোড়ে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থিত ‘আসলাম অটোস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সৌমিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত সর্বাধুনিক আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এর আগে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে বায়েজিদ ডালিমসহ চারজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবারের অভিযানের পর মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই রোববার বিকেলে চাঁদবিল এলাকায় অভিযান চালিয়ে সৌমিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুয়াইব আহম্মেদ সৌমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অনলাইন জুয়া ও সাইবার অপরাধের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন