স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন সাত টুকরা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম সোরহাব মিয়া।
সোমবার (১৮ মে) মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে রোববার (১৭ মে) বিকেলে মান্ডার আবদুল গনি রোড এলাকার শাহনাজ ভিলার সামনে একটি বেজমেন্টের নিচ থেকে মোকাররম মিয়ার লাশের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। লাশের অংশগুলো পলিথিনে মোড়ানো ছিল এবং সেগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। পরে মধ্যরাতে মুগদা পূর্ব মানিকনগর এলাকার একটি গলি থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোকাররম মিয়াকে হত্যার পর হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব