স্টাফ রিপোর্টার: রাজধানীর রমনার শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মন্দিরের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ মারমুখী হয়ে একে অপরের ওপর হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “রমনার হরিচাঁদ মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি