কূটনৈতিক প্রতিবেদক : আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৯ মে) রাবাতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, বস্ত্রশিল্প, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নারী ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনাও আলোচনা হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। তিনি ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তার নামে রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরে মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেন শামা ওবায়েদ। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।
কৃষিখাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/ এম এইচ