বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে খাল দখলমুক্তকরণ, দুর্নীতি প্রতিরোধ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত “সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব নিরসনে অংশীজনদের সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, এনসিপির জেলা আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল এবং ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোশারফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “খাল দখলমুক্ত করা, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ বন্ধে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে উদ্যোগ নিচ্ছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ ব্যাহত হচ্ছে।”
তিনি আরও বলেন, খাল দখল, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ প্রভাবে ভবিষ্যৎ নষ্টের ঝুঁকিতে রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সংলাপে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতি সমাজে অস্থিরতা তৈরি করছে বলে তারা মন্তব্য করেন। এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা।
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, “সমাজে ন্যায়বিচার ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা না হলে সম্প্রীতি টিকিয়ে রাখা সম্ভব নয়।” তিনি সামাজিক অবক্ষয় রোধে পরিবার ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন।
জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক শান্তি ও জননিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম