যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সহকারী শিক্ষিকা জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার অনুমতি চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি ওই শিক্ষিকাকে জোর করে ক্লাস করানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এসময় অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।
মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষিকা যশোর সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ জমা দেন।
এদিকে অভিযোগ রয়েছে, এর আগেও প্রধান শিক্ষক আব্দুল জব্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস সহকারীকে লাঞ্ছিত করেছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিভাগীয় মামলা হয়েছিল। পরে তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তার দুটি ইনক্রিমেন্ট বন্ধ করা হয়।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, ওই শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পাঠদানসহ বিভিন্ন নির্দেশনা মানেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে মাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন