বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। আইনি জটিলতা, তীব্র সমালোচনা এবং মাদক মামলায় কারাবাস সব মিলিয়ে এক ঝড়ো অধ্যায় পেরিয়ে এলেও সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের মানসিক অবস্থার কথা প্রকাশ করেছেন রিয়া। সেখানে তিনি জানিয়েছেন, ধীরে ধীরে যেন নিজেকেই হারিয়ে ফেলছেন তিনি।
পোস্টে রিয়া লেখেন, সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। চারপাশের অনবরত কোলাহল আর মোবাইল স্ক্রল করতে করতে জীবন খুব কঠিন হয়ে উঠেছে। এমন জীবন আমি কখনো কল্পনাও করিনি। জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন হারিয়ে যাচ্ছে।
ভার্চুয়াল দুনিয়ার কৃত্রিমতা থেকে কিছুটা দূরে সরে গিয়ে নিজের ভেতরের শান্তি খুঁজতে চান এই অভিনেত্রী। তাই আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রিয়া আরও লেখেন, কিছু সময়ের জন্য আমি থেমে যেতে চাই। একটু গভীর শ্বাস নিতে চাই। আশপাশের বাস্তব ও খাঁটি জিনিসগুলোর সঙ্গে আবার নতুন করে সংযোগ তৈরি করতে চাই।
অভিনেত্রীর ভাষ্য, এখন আর ক্যামেরাবন্দি মুহূর্তে নিজেকে আটকে রাখতে চান না তিনি। বরং জীবনের প্রতিটি মুহূর্ত সরাসরি অনুভব করতে চান। সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েক দিনের বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
তবে ভক্তদের আশ্বস্ত করে রিয়া বলেন, খুব শিগগিরই আবার সবার মাঝে ফিরবেন তিনি। যদিও তার এমন বিষণ্ন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে অনেকেই অভিনেত্রীর সুস্থতা ও মানসিক শান্তি কামনা করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে একটি টক-শো নিয়ে দর্শকদের সামনে ফিরেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শকমহলে প্রশংসিতও হয়। তবে কাজের ব্যস্ততার মাঝেই এবার নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার যাত্রায় নামলেন এই অভিনেত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম