প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 21-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন পৌরসদরের কীর্তিপুর গ্রামের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে বাঁশবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই মারুফ জানান, মিম দুই সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র ২১ দিন। কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে তিনি বেকার ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না বলে পরিবারের দাবি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।