স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৬৩১ জন। আর গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০৮ জন। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছে ৩ জন—মোট ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা ৪০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৮৩ জন।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল একদিনেই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়, সেদিন ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৭ জন। একই সময়ে ৪৫ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪১ হাজার ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন এবং দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ ঝুম