আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) পদ থেকে পদত্যাগ করেছেন তুলসি গ্যাবার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, তাঁর স্বামীর ক্যানসার ধরা পড়েছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য আগামী ৩০ জুন থেকে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর দ্বিতীয় মেয়াদের প্রশাসনে এ নিয়ে চতুর্থ কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন। গ্যাবার্ডের পদত্যাগের পর তাঁর প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ক হিসেবে শীর্ষ এই পদে যোগ দেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে ইরানের ওপর মার্কিন সামরিক হামলার সিদ্ধান্তকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নীতি ও গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে গ্যাবার্ডের সঙ্গে প্রশাসনের কিছু মতপার্থক্য তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি