নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে শিশু রামিসাসহ সকল নিহত ও নির্যাতিত শিশুদের স্মরণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে নরসিংদী বিলাসদীতে অবস্থিত রাইটস প্রোটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব এড.হারুনুর রশীদ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল ঈদগাহে শিশু রামিসাসহ নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং শিশু সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একইসঙ্গে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। এসময় শিশুদের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাইটস প্রোটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ গুলজার হোসেন, নির্বাহী সদস্য ইনজামামুল হক প্রমুখ। রাইটস প্রোটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/মিতু