রিপোর্টার্স ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।
মৃত মাহাবুল হোসেন সাহাপুর পূর্বপাড়া এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে এবং আটক প্রতিবেশীর নাম আবুল বাশার মুন্সী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মাহাবুলের একটি ছাগল তার প্রতিবেশী আবুল বাশার মুন্সীর সজনে গাছের পাতা খেয়েছিল। বিষয়টি নিয়ে বেলা ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়ে এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে মাহাবুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার মুন্সীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু