স্টাফ রিপোর্টার: ১৯১৯ সালে শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যজীবন, যা ১৯৪২ সালে দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত হয়ে থেমে যায়। মাত্র ২৩ থেকে ২৪ বছরের সক্রিয় সাহিত্যজীবনে তিনি বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন এক বিশাল ভাণ্ডার, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আজ সোমবার ১৪৩৩ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, পরাধীন ও শোষিত জাতির অন্ধকার সময়ে নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো, যিনি তাঁর লেখনী দিয়ে জাতিকে জাগিয়ে তুলেছিলেন।
নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে আখ্যায়িত করা হয় তাঁর বিদ্রোহ, মানবতা, সাম্য ও মুক্তির চেতনায় সমৃদ্ধ লেখনীর জন্য। কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদান বাংলা সাহিত্যকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর সম্পাদকীয় লেখার কারণে তিনি কারাবরণও করেন। জেলে বসে লেখা ‘রাজবন্দীর জবানবন্দী’ আজও প্রতিবাদের অনন্য দলিল হিসেবে বিবেচিত।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া কবির জীবনাবসান ঘটে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে ঢাকার পিজি হাসপাতালে। অঙ্কের হিসাবে তাঁর জীবনকাল ৭৭ বছর হলেও, সক্রিয় সাহিত্যজীবন ছিল অল্প সময়ের। তবুও তাঁর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে যুগ যুগ ধরে সমৃদ্ধ করেছে।
নজরুলজয়ন্তী উপলক্ষে আজ রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে, যেখানে কবির স্মৃতিবিজড়িত এলাকায় সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে সরকারের পক্ষ থেকে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়া নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায়, কবির স্ত্রী প্রমীলার স্মৃতিবিজড়িত স্থানে জেলা প্রশাসনের উদ্যোগেও বিশেষ অনুষ্ঠান পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করছে।
রিপোর্টার্স২৪/বাবি