বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-মেয়ে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনিছুর রহমান (৩৫) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী আয়েশা বেগম ও মেয়ে পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি। পথে সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যান তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তাঁর মেয়ের মৃত্যু হয়। আহত হন আয়েশা বেগম।
এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন