স্পোর্টস ডেস্ক: ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার মুহূর্তটি যেন আবেগের এক বিস্ফোরণ হয়ে আসে নেইমারের জীবনে। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরার সুখবর শুনে কান্না থামাতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। পুরো রাত নির্ঘুম কাটিয়ে একের পর এক পুরোনো ভিডিও দেখে আবেগে ভেসেছেন তিনি।
বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করছিলেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি। সেই সময় অধীর আগ্রহে নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন নেইমার। অবশেষে দলে জায়গা পাওয়ার খবর শুনে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি।
সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে নেইমার জানান, জাতীয় দলে ফেরার বিষয়টি উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে।
স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই আবেগঘন রাতের স্মৃতিচারণ করে নেইমার বলেন, আমি সকাল সাড়ে ৬টা বা সাতটার দিকে ঘুমাতে গিয়েছিলাম। সারা রাত শুধু ভিডিও দেখেছি। আমি কান্না থামাতে পারিনি। আমার স্ত্রী ও সন্তানরা পাশে ঘুমাচ্ছিল, আর আমি প্রত্যেকটি ভিডিও দেখে কেঁদেছি।
গত কয়েক বছরে একের পর এক চোট ও শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে। মাঠের বাইরে দীর্ঘ সময় কাটানো, সমালোচনা এবং অনিশ্চয়তার মধ্য দিয়েই আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন তিনি।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই তারকা বলেন, এটা ছিল খুব কঠিন একটা সময়। অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এর ফল ভালো হয়েছে। ব্রাজিলিয়ান হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি সব কষ্ট ভুলিয়ে দেয়।
সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নেইমার। তিনি বলেন, ব্রাজিলের সবাইকে ধন্যবাদ। তাদের ভালোবাসা, উৎসাহ ও প্রতিক্রিয়া আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। এই দিনটা আমি সারাজীবন মনে রাখব।
আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৩১ মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
রিপোর্টার্স২৪/ঝুম