রিপোর্টার্স২৪ ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, এ ঘটনাকে রাজনৈতিকভাবে দুই পক্ষই একইভাবে মূল্যায়ন করছে।
সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট বিচারিক আদালতগুলো ছুটির আওতার বাইরে রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এসব আদালত খোলা থাকবে।
তিনি জানান, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামি জবানবন্দি দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলা চালায়।
এ সময় ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে আঘাতের অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হন এবং তিনজনের মাথা ফেটে যায় বলে দাবি করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম