প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 26-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে প্রবল ঝড়-তুফানে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ভোররাতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ টরকীকান্দা গ্রামের আবু তাহেরের ছেলে এবং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন জানায়, ভোররাতে প্রবল ঝড় ও দমকা হাওয়ার সময় ফয়েজ দাদী মমিনা খাতুনের সঙ্গে চাচার ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর ভেঙে পড়ে। গাছের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু ফয়েজ। ফজরের নামাজ পড়তে উঠে ঘরের বাহিরে গিয়ে বেঁচে যায় দাদী মমিনা খাতুন।
শিশুর স্বজনরা জানায়, ফয়েজের বাবা আবু তাহের নারায়ণগঞ্জে অটোরিকশা চালান। মা-বাবা সেখানে বসবাস করলেও সন্তানের লেখাপড়ার সুবিধার্থে তাকে গ্রামের বাড়িতে দাদীর কাছে রেখে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে ছেলেকে নিয়ে আনন্দ করার স্বপ্ন ছিল বাবা-মায়ের। কিন্তু বাড়ি ফেরার আগেই ছেলের মৃত্যুর খবর পৌঁছে যায় তাদের কাছে।
নিহতের দাদী মমিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘রাতে আমার পাশে ঘুমাইছিল আমার নাতি ফয়েজ। ভোরে ফজরের আজান আর তুফানের শব্দে আমার ঘুম ভাঙে। আমি ওরে উঠতে বলছিলাম। তখন সে কইছিল, আমি একটু পরে উঠতেছি। এরপর আমি দরজা খুলে বাইরের দিকে তাকাইতেই হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই একটা বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। গাছটা সরাসরি আমার নাতির গায়ের ওপর পড়ে। আমার চোখের সামনেই সব শেষ হইয়া গেল। আমার নাতিডারে আর বাঁচাইতে পারলাম না।’’
শিশুর বাবা আবু তাহের বলেন, ‘‘ছেলের জন্য ঈদের নতুন জামা কিনছিলাম। বিকালে বাড়ি আসার কথা ছিল। আল্লাহ আমার সব শেষ কইরা দিল।’’
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যতটুকু জেনেছি পরিবারটি অসহায়। সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।