কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ওই গ্রামের রিয়াজ খানের ছেলে ও পেশায় বালু ব্যবসায়ী।
এর আগে গত রোববার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডলের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে আইয়ুব আলী কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। পরে মঙ্গলবার রাতে থানায় মামলাটি নথিভুক্ত হয়। এরপর গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অপর আসামি মাসুদ শেখ (৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিক দল নেতা আইয়ুব আলী জানান, গত রোববার চর মহেন্দ্রপুর চরে উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। শরিফুল ও মাসুদের ধারণা ছিল, প্রশাসনকে তিনিই তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে শরিফুল, মাসুদ ও তাদের সহযোগীরা গভীর রাতে তার এক্সক্যাভেটরে আগুন দেন। এতে মেশিনটির প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, যন্ত্রটি তার জীবিকার প্রধান অবলম্বন। তাই তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।
রিপোর্টার্স/এসএন