আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধক চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রয়টার্সের বুধবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের উদ্দেশে পাঠানো এক চিঠিতে জেলেনস্কি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র থেকে ইউক্রেনকে রক্ষায় আপনাদের সহায়তা প্রয়োজন। প্রয়োজনীয় সংখ্যক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর কিনতে ইউক্রেন প্রস্তুত রয়েছে।
বর্তমানে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেন মূলত যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে এসব ইন্টারসেপ্টরের ঘাটতিতে ভুগছে দেশটি।
জেলেনস্কি জানান, ন্যাটোর ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ (পিইউআরএল) কর্মসূচির আওতায় ইউরোপীয় মিত্রদের অর্থায়নে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে। কিন্তু বর্তমান মজুত রাশিয়ার হুমকির তুলনায় যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া সর্বশেষ বড় ধরনের হামলায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর মধ্যে মাত্র ১১টি ভূপাতিত করতে সক্ষম হয় ইউক্রেন।
চিঠিতে জেলেনস্কি আরও দাবি করেন, ওই হামলায় রাশিয়া দুটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর একটি কিয়েভ অঞ্চলে এবং অন্যটি ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক এলাকায় আঘাত হানে বলে তিনি উল্লেখ করেন।
জেলেনস্কি বলেন, যতদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্রের দিক থেকে এগিয়ে থাকবেন, ততদিন তিনি কূটনৈতিক সমাধানের পথে এগোবেন না। বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা।