স্টাফ রিপোর্টার: ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
উপজেলা প্রশাসনের অফিস আদেশে উল্লেখ করা হয়, উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির আওতায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, লাঠিসোঁটা বহন, গোলযোগ সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য বহন বা সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
তবে জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাসমূহ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি