চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার দিনে চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে শোকের ছায়া। আওলাদে রসুল (দ.), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (রহ.) প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে মাজার শরিফ জিয়ারত করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা ছিলেন।
ঈদের জামাত আদায়ের পর জিয়ারতের সময় তার আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান ও স্থানীয় ভক্তদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
সৈয়দ শাহাদাত উদ্দিনের ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি