বিনোদন ডেস্ক: কোরবানির ঈদে প্রয়াত মেয়ে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মেয়েকে নিয়ে ঈদের নানা স্মৃতিচারণ করেন তিনি।
কায়সার হামিদ লেখেন, কোরবানির ঈদের সময় কারিনা কায়সার আমার সঙ্গে হাটে যেত। নিজে গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভীষণ ভয় পেত। গাড়ির ভেতর থেকেই দেখত, কেনাবেচা উপভোগ করত।
তিনি আরও লেখেন, এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে। এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক— এই শুভকামনা করছি।
লিভারজনিত জটিলতায় গত ১৫ মে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার।
তার মৃত্যুতে শোক নেমে আসে পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে।
রিপোর্টার্স২৪/বাবি