গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির হাতে মানুষ হত্যার রক্ত নেই বলে মন্তব্য করেন।
শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহ্ রিয়াজুল হান্নান বলেন, আমরা (বিএনপি) কি মানুষ হত্যা করেছি নাকি। রাজাকার, আল বদর, আল শামস বাহিনীরা তো স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সঙ্গে মিলে মানুষ হত্যা করেছে। তাদের হাতেও স্বৈরাচার আওয়ামী লীগের মতো মানুষ হত্যার রক্ত রয়েছে। কিন্তু আমাদের হাতে মানুষ হত্যার কোন রক্ত নেই। এছাড়াও একটি দল যারা মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তাদের নিজেদের ই জান্নাতের টিকিট নেই।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান টিক্কা'র সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুন শিকদার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কৃষক দলের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন ও এলাকায় এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে বলে জানান জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।
রিপোর্টার্স২৪/আরএইচ