ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে।
শুক্রবার (২৯ মে) গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়। তবে সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এটি প্রায় দশমিক ১ শতাংশ কম রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারসের দামও দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর প্রকাশের পর বাজার ঘুরে দাঁড়ায়।
গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, গতকাল আমরা দেখেছি স্বর্ণের দাম ৪ হাজার ৩৬০ ডলারে নেমে গিয়েছিল এবং সম্ভবত আরও কমতো। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর হঠাৎ করেই দামের উল্টো প্রবণতা দেখা যায়। আজ সকালেও বাজার সেই অবস্থাতেই রয়েছে।
তিনি আরও বলেন, এখন বাজার চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে, যদিও এটি এখন শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে রয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করতে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি। একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব