আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের অন্যতম শেষ আনুষ্ঠানিকতা তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের হজ কার্যক্রম। হজ সম্পন্ন করে এখন দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা। এরই ধারাবাহিকতায় আজ রাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট উড্ডয়ন করবে। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হবে হাজিদের দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো ও ব্যবস্থাপনার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হয়েছে। তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ভাড়া এবং ভিসা-সংক্রান্ত সব কার্যক্রম সময়মতো সম্পন্ন হওয়ায় হজ ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো জটিলতা দেখা যায়নি। এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে হাজিদের যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়।
ফলে কোনো সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বছর হজের ফ্লাইট চলাকালে কোনো বড় ধরনের বিঘ্ন ছাড়াই যাত্রা অব্যাহত থাকে।
চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই শেষ হবে। সে সময় পর্যন্ত ধাপে ধাপে দেশে ফিরবেন এবারের সব বাংলাদেশি হাজি।
এদিকে হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় মক্কা ও মিনায় এখন ব্যস্ততা ফিরেছে মূলত প্রত্যাবর্তনের প্রস্তুতিতে। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা নির্ধারিত ফ্লাইটে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়