স্টাফ রিপোর্টার: কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পানিনিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্যের পাশাপাশি পুরোনো ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ৩০ ও ৩১ মে—এই ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর সব ময়লা-আবর্জনা অপসারণ, পানিনিষ্কাশনের পথ পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।