নীলফামারী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা থেকে বর্জ্য সরিয়ে নির্ধারিত ভাগাড়ে পরিবেশসম্মতভাবে ফেলা হয়েছে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
তবে এ বছর কোরবানির পশুর কিছু চামড়া বিক্রি না হওয়ায় এবং সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সরেজমিনে দেখা যায়, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাদ্দাম মোড় এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সুপারভাইজার হাসান আলী রবির নেতৃত্বে পরিত্যক্ত চামড়াগুলো দ্রুত অপসারণ করে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণুর বিস্তার রোধে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গঠনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ লক্ষ্যে পৌরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
রিপোর্টার্স২৪/বাবি