রিপোর্টার্স২৪ ডেস্ক: নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানটি রাস্তার মধ্যে আয়োজন করায় কিছুটা জনদুর্ভোগ তৈরি হয়েছে। মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তাই আমরা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করেছি।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
তারেক রহমান আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন, তাদের সহযোগিতা করি। একজন নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, অনুষ্ঠানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বক্তব্য সংক্ষিপ্ত করা হয়েছে। ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত সভা-সমাবেশ করা হবে, যেখানে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম