বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী-মৌরাঙ্গা এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মামা-ভাগ্নেসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, রামপাল উপজেলার বারুইপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে শেখ ওহিদ (৪১), একই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে শেখ আব্দুস ছালাম (৫৫) ও শেখ কালাম (৫০)। সম্পর্কে শেখ আব্দুস ছালাম ও শেখ কালাম আহত ওহিদের মামা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে চাকশ্রী-মৌরাঙ্গা এলাকার একটি মাছের ঘেরের বেড়িবাঁধ কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়। এ সময় ঘেরের মালিকপক্ষ বাধা দিলে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে শেখ ওহিদ ও শেখ আব্দুস ছালামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে কামাল শেখ গেলে তার উপরও হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের স্বজনদের দাবি, মাছের ঘের দখলের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী ও তাদের স্বজনরা অভিযোগ করে বলেন, চাকশ্রী এলাকার বাদশা (৫০), ফয়সাল (২৮), হাফিজ ওরফে আলা (৩০), ছালাম (৩৫) এবং বারুইপাড়া এলাকার দিদার (৫০), কালাম (৫২), ইমরান (২৮), তুহিন (৪৬), কারিমুন (৩০)সহ আরও কয়েকজন তাদের ওপর হামলায় অংশ নেন। হামলায় ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিও জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি