স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ।
শনিবার (৩০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি অভিযোগটিকে বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেন। লাইভে শিরোনাম হিসেবে তিনি লেখেন, ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
আসিফ মাহমুদ বলেন, ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা আসলে সরকারি বরাদ্দের বিষয়। তাঁর ভাষায়, এটি ব্যক্তিগতভাবে অর্থ নেওয়া নয়; বরং জেলা পরিষদের নির্দিষ্ট খাতে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়ের বাজেটের মধ্যে বিশেষ বরাদ্দ থাকে, যা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানে দেওয়া হয়। বরাদ্দের পর জেলা পরিষদের প্রশাসক বা সংশ্লিষ্ট কমিটি সভা করে ঠিক করে কোন খাতে কত অর্থ খরচ হবে। পরে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়।
এনসিপির এই নেতা আরও বলেন, কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দকে রাজস্ব খাতের অর্থ বলে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। তাঁর দাবি, এটি আসলে উন্নয়ন খাতের বিশেষ বরাদ্দ, যা ই-টেন্ডারিং ও পিপিআর অনুসরণ করে ব্যয় করা হয়। তিনি বলেন, এই অর্থ কাউকে নগদে দেওয়া হয় না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, জেলা পরিষদের মাসিক সভায় সোলার লাইট স্থাপন, অসহায় মানুষের কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র, মসজিদ সংস্কারসহ বিভিন্ন খাতে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত জেলা পরিষদের সভায় গৃহীত হয় এবং পরে তা বাস্তবায়ন করা হয়।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, বাজেট বরাদ্দকে “টাকা নিয়ে যাওয়া” হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্যমূলক। এ বিষয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসককে বক্তব্য পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার পথ খোলা থাকবে।
তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের তথ্য প্রচারের আগে যাচাই-বাছাই করা উচিত।