স্পোর্টস ডেস্ক: বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রুদ্ধশ্বাস ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতা থাকায় গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য নির্ধারণে এগিয়ে থাকে পিএসজি। গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার এই শিরোপা জিতেছিল তারা, এবার সেই মুকুট নিজেদের কাছেই ধরে রাখল ফরাসি চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, ১৯৮০ এবং ২০০০ সালের পর ইউরোপিয়ান আসরের ফাইনালে আবারও টাইব্রেকার-ট্র্যাজেডির শিকার হয়েই মাঠ ছাড়তে হলো উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালকে। ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে উঠেও দীর্ঘশ্বাসের গল্প লিখল গানাররা।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ৬ মিনিটেই গোল করেন কাই হাভার্টজ। লিয়ান্দ্রো ত্রসার্ডের শট রিবাউন্ড হয়ে ফিরে এলে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। এরপর প্রথমার্ধজুড়ে রক্ষণে দারুণ সংগঠিত ছিল ইংলিশ ক্লাবটি। বল দখলে পিছিয়ে থাকলেও পিএসজিকে কার্যকর শট নিতে দেয়নি তারা।
বিরতির পর আক্রমণ বাড়ায় পিএসজি। ৬৫ মিনিটে পেনাল্টি পায় ফরাসি চ্যাম্পিয়নরা। ক্রিস্টিয়ান মস্কেরার ফাউলে খভিচা কাভারাতসখেলিয়াকে বক্সে ফেলে দিলে ভিএআর পর্যালোচনার পর স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান উসমান দেম্বেলে।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের শুরুতে দুই দলের প্রথম দুই শটে সমতা বজায় থাকে। পিএসজির গনসালো রামোস ও আর্সেনালের ভিক্টর গিয়োকেরেস গোল করেন। এরপর পিএসজির তরুণ দুয়ে গোল করলেও আর্সেনালের এজে শট মিস করলে এগিয়ে যায় ফরাসিরা। তবে নুনো মেন্দেসের শট রুখে দিয়ে আর্সেনালকে ম্যাচে ফেরান গোলরক্ষক ডেভিড রায়া।
চতুর্থ রাউন্ডে পিএসজির আশরাফ হাকিমি ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি গোল করেন। এরপর ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে পিএসজির লুকাস বেরালদো গোল করলে চাপ তৈরি হয় আর্সেনালের ওপর। শেষ শটে গ্যাব্রিয়েল মাগালায়েসের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে নিশ্চিত হয়ে যায় পিএসজির শিরোপা জয়।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট ধরে রাখল পিএসজি।
অন্যদিকে, ২০০৬ সালের পর প্রথম ইউরোপীয় ফাইনালে উঠেও আবারও শিরোপা-স্বপ্ন ভেঙে গেল আর্সেনালের। দুই দশকেরও বেশি সময় পর বড় কোনো ইউরোপীয় ট্রফির অপেক্ষা আরও দীর্ঘ হলো লন্ডনের ক্লাবটির।