রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার। আর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে নতুন মুখ তানজিয়া জামান মিথিলা-র। প্রথম সিনেমার প্রথম উপস্থিতিতেই দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় আবেগে ভেসেছেন এই নবাগত অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমার নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন মিথিলা। সেখানে তিনি জানান, জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন তিনি।
মিথিলা লেখেন, এখনও বিশ্বাস করতে পারছি না এটাই ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।
দর্শকদের এমন উষ্ণ গ্রহণযোগ্যতা তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও জানান তিনি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিথিলা বলেন, একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহ আমাকে আরও বড় স্বপ্ন দেখতে সাহস জোগায়।
প্রেক্ষাগৃহে দর্শকদের করতালি, উচ্ছ্বাস এবং ইতিবাচক প্রতিক্রিয়াকে নিজের অভিনয়জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, প্রথম সিনেমাতেই দর্শকদের কাছ থেকে এমন সাড়া পাওয়া যে কোনো শিল্পীর জন্য অনুপ্রেরণার।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা আরও লেখেন, প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটিকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।
প্রথম চলচ্চিত্রেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া মিথিলার এই আবেগঘন প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, ‘রকস্টার’এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে সম্ভাবনাময় এক নতুন মুখের যাত্রা শুরু হলো।
রিপোর্টার্স২৪/ঝুম