কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরে ডুবে কণিকা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার(৩১ মে) দুপুর দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কণিকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামের বিপুল আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ঈদের ছুটি উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে সে মোড়াগাছা গ্রামে তার নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিল।
মামা মিলন জানান, ঈদের পরদিন তাঁর বোন স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরের দিকে কণিকা ও প্রতিবেশী শিশু রবিন বাড়ির পাশের একটি পরিত্যক্ত ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে কণিকা পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা রবিন বাড়িতে ফিরে বিষয়টি জানালে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের গভীর থেকে কণিকাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।