পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৩১ মে) সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ ও সাথী একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে-মেয়ে। তারা তাদের মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া খাতুন শ্রমিক হিসেবে কাজ করেন। রোববার সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনও তাদের সন্ধানে তল্লাশি চালান।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালিয়ে সাথীর মরদেহও উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে দুই শিশু অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হতে পারে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি