চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরী ও আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৃথক দুটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) অনুষ্ঠিত এসব মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি শুরু হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ব্যানার ছিল।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মিছিলের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
একই দিন সকালে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী রবিউল হায়দারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ৩০ থেকে ৪০ জন যুবককে ব্যানার নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলে বহন করা ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ‘রাজবন্দীদের’ মুক্তি এবং শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবি উল্লেখ ছিল।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান বলেন, মিছিলের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে নগরী ও উপজেলায় পৃথক দুটি ঝটিকা মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি