বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর কি এবার রুপালি পর্দা পেরিয়ে রাজনীতির ময়দানে নামছেন? সম্প্রতি তার এক মন্তব্য ঘিরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্ত-অনুরাগী ও রাজনৈতিক মহলে।
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক শ্রমমন্ত্রী। ফলে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা এই অভিনেত্রী রাজনীতিতে আগ্রহী কি না তা নিয়ে কৌতূহল দীর্ঘদিনের।
সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে বরাবরই স্পষ্টভাষী ভূমি। সমাজের বিভিন্ন সমস্যা, নারী অধিকার কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে কখনোই পিছপা হন না তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে খোলামেলা জবাব দেন অভিনেত্রী।
ভূমি বলেন, আমার রক্তেই দেশের সেবা করার মানসিকতা রয়েছে। আমি আমার সিনেমার মাধ্যমেও সেই কাজ করার চেষ্টা করছি।
তবে ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি তিনি। এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, দেশের জন্য আরও গভীরভাবে কাজ করার সুযোগ যদি আসে, তাহলে কেন করব না?
নিজের আদর্শ সম্পর্কে কথা বলতে গিয়ে ভূমি বলেন, “আমি খুব সাধারণ একটি আদর্শে বিশ্বাস করি। আমি শুধু যতটা সম্ভব দেশের সেবা করতে চাই।”
রাজনীতিতে প্রবেশের বিষয়ে সরাসরি ঘোষণা না দিলেও তার মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করতেই প্রস্তুতি নিচ্ছেন এই বলিউড তারকা?
উল্লেখ্য, ভূমি পেডনেকরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘দলদল’, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে দর্শকদের ব্যাপক সাড়া পায়। এর আগে সামাজিক বার্তাধর্মী চলচ্চিত্র ‘ভক্ষক’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া পরিচালক অনুভব সিনহার আলোচিত চলচ্চিত্র ‘ভিড়’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম