বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় করা হচ্ছে মাইকিং।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বেনাপোল সীমান্তে বিজিবির এমন তৎপরতা দেখা যায়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার দিবাগত রাতে কয়েকটা গাড়িতে করে শতাধিক নারী-পুরুষকে সীমান্তে এনে জড়ো করে বিএসএফ। পরে গভীর রাতে তারকাটা বেষ্টিত বিভিন্ন গেট খুলে তাদেরকে সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।
এসময় টহলরত বিজিবির প্রতিরোধে প্রবেশ করতে পারেনি তারা। সীমান্তের ২১/৬ পিলারের পাশ দিয়ে ১২ জন নাগরিকে তার কাটার বাইরে ঠেলে দিলেও বিজিবির বাধায় গত ৩ দিন ধরে জিরো লাইনে আটকে আছে তারা। মাঠের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে তাদের।
এছাড়াও সোমবার পতাকা বৈঠকেও কোনো সুরাহা হয়নি। ফলে নারী-শিশু ও পুরুষেরা অমানবিক দুর্ভোগে পড়েছেন। সীমান্তে বিজিবি- বিএসএফ ভারী অস্ত্র বসিয়ে রয়েছে মুখেমুখি অবস্থানে। সীমান্তে বিরাজ করছে টানটান উত্তেজনা।
সীমান্তে ডিউটিরত বিজিবির এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সীমান্ত এলাকায় কোনো নাগরিকের অস্তিস্ত পাওয়া যায়নি। তবে সীমান্তে ঝোপ-ঝাড়ে লুকিয়ে থাকতে দেখেনি তাদের বলে মন্তব্য করেছে বিজিবি সদস্যরা।
এ মানবিক বিষয়ে দু’দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রাও।
রিপোর্টার্স২৪/ধ্রুব