রিপোর্টার্স২৪ ডেস্ক: গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেন, এই সময়ে হান্নান মাসউদ নানা অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা ৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, গণঅভ্যুত্থানের পর হান্নান মাসউদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক যোগাযোগ ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে হান্নান মাসউদের বৈঠক হয়েছে এবং পল্টনের একটি হোটেলে নিয়মিত তার উপস্থিতি ছিল।
তার ভাষ্য অনুযায়ী, এক এমপিকে ঘিরে কয়েক কোটি টাকার আলোচনার কথাও উঠে এসেছে, যেখানে ভিন্ন ভিন্ন অঙ্কের প্রস্তাব ও দরকষাকষির অভিযোগ উল্লেখ করা হয়।
এছাড়া রাশেদ খান আরও দাবি করেন, এসব ঘটনার “রাজসাক্ষী” হিসেবে আবদুল গাফফার জিসান নামের এক ব্যক্তির ভূমিকা রয়েছে, যিনি একসময় সংশ্লিষ্টদের নিরাপত্তা ও বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কিছু সিদ্ধান্ত প্রভাবিত করা হয়েছে এবং নোয়াখালীর রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য তুলে ধরেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে হান্নান মাসউদ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম