ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি পুকুর থেকে খতেজা বেগম (৫৮) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পশ্চিম কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খতেজা বেগম ওই গ্রামের মো. আতাব উদ্দীনের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, খতেজা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও অস্থিরতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই বাড়ির পাশের পুকুরে নেমে শরীর ঠান্ডা করতেন। সোমবার (১ জুন) দিবাগত রাতেও তিনি প্রচণ্ড অস্থিরতার কারণে ঘুমাতে পারেননি।
পরদিন ভোর ৪টার দিকে তার স্বামী ঘুম থেকে উঠে শয়নকক্ষে স্ত্রীকে দেখতে না পেয়ে সন্তানদের ডাকেন। এরপর পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সকাল আনুমানিক ৬টার দিকে নিহতের বড় ছেলে মো. খায়রুল ইসলাম বাড়ির পাশের পুকুরে মায়ের মরদেহ উপুড় অবস্থায় ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের ধারণা, ভোর ৪টা থেকে ৬টার মধ্যে কোনো একসময় অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার জানায়, এ মৃত্যুর ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ, সন্দেহ বা আপত্তি নেই। এটি একটি দুর্ঘটনাজনিত স্বাভাবিক মৃত্যু বলেই তারা বিশ্বাস করেন।
এ বিষয়ে নিহতের ছোট ছেলে মো. আবু তালেব (২৬) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) ডায়েরি করেছেন।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন