রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজিদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, তাৎক্ষণিক তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষের সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কোনো ধরনের মিসহ্যান্ডলিং বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বিমানের লাগেজ সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা আমাদের উদ্বিগ্ন করেছে। সেখানে দাবি করা হয়, হাজিদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরি হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নজরে আসার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেই। কয়েক ঘণ্টার মধ্যেই বিমান কর্তৃপক্ষ তাদের প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে জমা দেয়।
তিনি জানান, ফ্লাইটটিতে মোট ৮৩৬টি লাগেজ ছিল। এর মধ্যে ২১টি ব্যাগে ছেঁড়া বা কাটা অবস্থার অভিযোগ পাওয়া গেছে বলে গ্রাউন্ড স্টাফরা জানিয়েছেন। তবে এসব ঘটনা নিয়ম অনুযায়ী লাগেজ চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
লাগেজ ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চেকড লাগেজে জমজমের পানি, সঠিকভাবে সিলগালা না করা তরল পদার্থ বা ঘোষণা ছাড়া নগদ অর্থ বহন নিষিদ্ধ। স্ক্যানিংয়ের সময় এসব ধরা পড়লে নিয়ম অনুযায়ী লাগেজ খুলে তল্লাশি বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।
তিনি আরও দাবি করেন, বিমানবন্দরের সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় কোনো ধরনের চুরির ঘটনা বা মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের তথ্য প্রায়ই বিভ্রান্তি সৃষ্টি করে। তদন্ত ছাড়া এমন দাবি জনমনে ভুল ধারণা তৈরি করে।
বিমান প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের বিভ্রান্তি না ছড়ায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম