রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় ‘শিক্ষক অবসরভাতা’ পাননি, তাদের ভাতা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসরভাতা পরিশোধের জন্য সরকার ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ দিয়েছে। আগামী এক মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, শিক্ষক কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনায় অতীতে কয়েক হাজার কোটি টাকার অনিয়ম ও তসরুফের অভিযোগ রয়েছে, যা নিয়ে সরকার অবগত আছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
শিক্ষাখাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার মোট বাজেটের ২ শতাংশ শিক্ষা খাতে রাখা হয়েছে। আগামীতে এটি ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গত অর্থবছরে এ হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ।
তিনি আরও জানান, আসন্ন অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা এ খাতে এখন পর্যন্ত সর্বোচ্চ।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতের সার্বিক অগ্রগতি ও ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম