প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 04-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ জেলে আমার মতো নিরপরাধ মায়েরা আছেন, বন্দিদের প্রতি সদয় হন : আইভি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় ৩৯১ দিন কারাভোগের পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বাড়িতে ফিরে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কারাগারে থাকা নিরপরাধ বন্দিদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটিরে পৌঁছান তিনি।
বাড়িতে ফিরে সাংবাদিকদের সংক্ষিপ্ত বক্তব্যে আইভী বলেন, “আমি চাই সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরও অনেক মা আছেন, যারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।”
তিনি বিচার বিভাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান আইভী। কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে যান। সেখানে বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বাড়ির বাইরে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ অনেককে সেখান থেকে সরিয়ে দেয়।
আইভীর কারামুক্তিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। তার বাড়ির সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা ১২টি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘ ৩৯১ দিন কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন।