রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ শুক্রবার (৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে বাসটিকে নদী থেকে উপরে তোলে।
এর আগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিঘাটে দুর্ঘটনায় পড়ে। ফেরি কবরী কনভেনশনের পকেট দিয়ে প্রবেশের সময় ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসে থাকা সহকারী সাকিব হোসেন (২৭) পরিস্থিতি বুঝে লাফ দিয়ে ফেরির পন্টুনে পড়ে আহত হন। তবে চালক ঝন্টু আলী (৪৭) বাসসহ নদীতে পড়ে যান। পরে তিনি জানালা দিয়ে বের হয়ে সাঁতরে উপরে উঠে আসেন। দুজনকেই প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শুভ সেন জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নৌ-পুলিশ ও সংশ্লিষ্টরা যাত্রীদের নামিয়ে দেন। যাত্রীরা নেমে যাওয়ার পর চালক বাসটি নিয়ে ফেরিতে ওঠেন। কিন্তু ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি ডালায় আঘাত করে, ফলে তার ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়।
বাসটির সুপারভাইজার আজমল হোসেন বলেন, বাসে মোট ৪০টি টিকিট বিক্রি হলেও ৩৭ জন যাত্রী ছিলেন। তবে সবাই আগেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
চিকিৎসাধীন চালক ঝন্টু মিয়া জানান, বাসটি কুষ্টিয়া থেকে সকাল সোয়া ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ইঞ্জিন ও ব্রেক ঠিক আছে কিনা পরীক্ষা করেই যাত্রা শুরু করা হয়েছিল। তবে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বাসটি পানিতে তলিয়ে গেলেও তিনি জানালা দিয়ে বের হয়ে ভেসে ওঠেন এবং স্থানীয়দের সহযোগিতায় নৌকায় করে তীরে ওঠেন। পরে পুলিশ তাকে ও সহকারীকে হাসপাতালে পাঠায়।
ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এবং বিআইডব্লিউটিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ভবিষ্যতে ফেরিতে ওঠা-নামার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম