চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) আগ্রাবাদে বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মাথায় কাফনের কাপড় বাঁধা মিছিলকারীরা বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে শিশু হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ ছিল।
মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদামী জনির ছবিও দেখা যায়।
একই দিন নগরের ষোলশহর এলাকাতেও যুবলীগের নেতাকর্মীরা পৃথক একটি বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে ব্যবহৃত ব্যানারে শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের নাম উল্লেখ ছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ ও ষোলশহরে অনুষ্ঠিত মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওতে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/বাবি