চাঁদপুর প্রতিনিধি: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত।
‘ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ এবং ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ’ শীর্ষক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ফর কোঅপারেশন অ্যান্ড বিজনেস ড. অ্যান্ডি হাদিয়ান্তো বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এর আগে ৪ ও ৫ জুন অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রদর্শনীতে বিশ্বের ১৭টি দেশের ৪৭০টি দল অংশ নেয়। বিভিন্ন উদ্ভাবনী ও বৈজ্ঞানিক সৃষ্টির ভিত্তিতে সেরা ৩০টি দলকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ তালিকায় স্থান করে নিয়ে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিয়ন্ত।
স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।
মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতেও এম এ সায়েম প্রিয়ন্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে উজ্জ্বলভাবে উপস্থাপন করবেন। তার এ অর্জন চাঁদপুরসহ সমগ্র দেশের জন্য গৌরবের বিষয়।
প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মো. ওমর ফারুক অভি এবং মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তারা সবার কাছে দোয়া কামনার পাশাপাশি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপানপ্রবাসী বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, কেএফটি কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। প্রিয়ন্তের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু