ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।
শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাজিউর রহমান রাজু (৩০) উপজেলার দক্ষিণ পাড়িয়া (বরমতোল) গ্রামের আজিম উদ্দীনের ছেলে। পলাতক অপর আসামি মছেদুর রহমান হরিণমারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী থানা-পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযানে ছিল। রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাড়িয়া বাজারের একটি টেইলার্স দোকানের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন।
এর পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) আনছার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রাজিউর রহমানকে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগে মছেদুর রহমান পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজিউরের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে এর ওজন ৩ দশমিক ১ গ্রাম পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, পালানোর সময় কাদায় পিছলে পড়ে রাজিউর রহমান সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই আনছার আলী বাদী হয়ে ধৃত ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু