রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১,৪৪৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে ৪২৫টি যানবাহন ডাম্পিং এবং ২৩৭টি যানবাহন রেকার করা হয়েছে।
সোমবার (৮ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া বিভাগ।
ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৪৮টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এরপর মতিঝিল বিভাগে ২৯৭টি, গুলশান বিভাগে ২২১টি এবং ওয়ারী বিভাগে ১৭৪টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া লালবাগ বিভাগে ১৪৬টি, তেজগাঁও বিভাগে ১১৪টি, উত্তরা বিভাগে ৮০টি এবং রমনা বিভাগে ৬৮টি মামলা করা হয়।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম