স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের কোনো ফুটবলার লাল কার্ড দেখলেই সমর্থকদের ফ্রি পিৎজা দেবে ডমিনোজ। শুনতে অদ্ভুত লাগলেও এমনই প্রচারণা চালিয়েছে জনপ্রিয় পিৎজা চেইনটি। নিজেদের দল একজন কম নিয়ে খেললে সমর্থকদের কষ্ট কিছুটা কমাতে ‘ইমারজেন্সি পিৎজা’ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
প্রচারণার মূল শর্ত, বিশ্বকাপের যেকোনো পর্যায়ে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে অফারে নিবন্ধন করা সমর্থকরা বিনামূল্যে পিৎজা পাওয়ার সুযোগ পাবেন। আগামীকাল বুধবার, ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অফারে নিবন্ধনের সময় রাখা হয়েছে।
গত ১৮ মে ডমিনোজ ঘোষণা দেয়, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় মাঠ ছাড়ার নির্দেশ পেলে তারা সর্বোচ্চ ১০ লাখ ডলার মূল্যের ফ্রি ‘ইমারজেন্সি পিৎজা’ দেবে।
নির্ধারিত সময়ের মধ্যে সাইন আপ করা সমর্থকদের মধ্যে ৬০ হাজারটি মিডিয়াম সাইজের দুই টপিং পিৎজা দেওয়া হবে।
সাধারণত ক্রীড়াঙ্গনে দলকে উৎসাহ দিতে নানা ধরনের প্রচারণা দেখা যায়।
বাস্কেটবলে কোনো দল ১০০ পয়েন্ট করলে ফ্রি খাবার, প্রতিপক্ষ ফ্রি থ্রো মিস করলে দর্শকদের পুরস্কার কিংবা হকিতে পাওয়ার প্লেতে গোল হলে ফ্রি খাবারের মতো অফার থাকে। কিন্তু নিজের দলের ক্ষতির মুহূর্ত, বিশেষ করে লাল কার্ডের মতো বড় ধাক্কাকে কেন্দ্র করে এমন প্রচারণা বিরলই বলা যায়।
যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ চলাকালে যদি কোনো মার্কিন ফুটবলার লাল কার্ড দেখেন, তাহলে সমর্থকদের প্রতিক্রিয়াও হতে পারে অস্বাভাবিক। দলের একজন কমে যাওয়ার হতাশার মধ্যেই কেউ কেউ হয়তো ফ্রি পিৎজার আশায় উল্লাসও করতে পারেন। ফুটবল যেখানে যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়াচ্ছে, সেখানে সমর্থকদের আনুগত্য নিয়েও যেন মজার পরীক্ষা নেবে এই অফার।
ডমিনোজের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কেট ট্রামবুল অবশ্য প্রচারণার ব্যাখ্যা দিয়েছেন সমর্থকদের কষ্ট কমানোর ভাবনা থেকে। তিনি বলেন, ‘ফুটবল বোঝেন এমন সবাই জানেন, আপনি যে দলকে সমর্থন করছেন, সেই দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখার চেয়ে খারাপ ঘটনা ম্যাচে কমই আছে। যদি আমেরিকান দলের ক্ষেত্রে এমন কিছু ঘটে, তাহলে সেই কষ্ট কমাতে ডমিনোজ ইমারজেন্সি পিৎজা দিতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের সমর্থকরা এই অফার বাস্তবে কাজে লাগবে কি না, তা জানতে নজর রাখতে পারেন গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। ১২ জুন রাত ৯টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এরপর ১৯ জুন বিকেল ৩টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৫ জুন রাত ১০টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা খেলবে তুরস্কের বিপক্ষে।
যুক্তরাষ্ট্র যদি গ্রুপ পর্ব পেরিয়ে এগিয়ে যায়, তাহলে সমর্থকদের ফ্রি পিৎজা পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তবে মার্কিন ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই প্রার্থনা থাকবে, দলের ক্ষতি না করে যেন বিশ্বকাপ অভিযান দীর্ঘ হয়।
যুক্তরাষ্ট্র সর্বশেষ লাল কার্ড দেখেছিল ২০২৪ সালের জুনে কোপা আমেরিকায়। পানামার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ১৮তম মিনিটে মাঠ ছাড়ার নির্দেশ পেয়েছিলেন টিম উইয়া। সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্র।
রিপোর্টার্স২৪/ধ্রুব